নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মাসুম মিয়ার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলীনগর বড় মসজিদের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন হামলার ঘটনায় অভিযুক্ত পুকনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় স্থানীয়দের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা হামলার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।










