একজন নাগরিক নিজের প্রতিষ্ঠানে হামলা, চুরি ও ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো মবের শিকার হন এবং তাঁকেই আটক করা। এটি মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
শনিবার ঢাকায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত ‘মতপ্রকাশ ও বাকস্বাধীনতা লঙ্ঘন’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাথী আক্তারের ঘটনার প্রসঙ্গ তুলে আব্দুল্লাহ আল আমিন বলেন, একজন নাগরিক নিজের প্রতিষ্ঠানে হামলা ও ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর নিজের কষ্ট ও ক্ষোভ প্রকাশ করতে পারবেন না। এটি কোনোভাবেই মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর বক্তব্যের পর মব তৈরি হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁকেই আটক করা হয়েছে। অতীতেও আইনের শাসনের অনুপস্থিতি এবং রাজনৈতিক স্বার্থে আইন ব্যবহারের প্রবণতা ফ্যাসিবাদী কাঠামো গড়ে ওঠার অন্যতম কারণ ছিল।
বিরোধীদলীয় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের আগেই শর্টসার্কিটের সম্ভাবনার কথা সামনে আনা হয়েছিল। অথচ পরবর্তী সময়ে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট ডিজিএম সেখানে শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন। যথাযথ তদন্তের আগেই এমন বক্তব্য দেওয়া একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন এবং তার গুরুত্ব কমিয়ে দেখানোর প্রবণতা তৈরি করে।
আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের বক্তব্যের ক্ষেত্রেও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় ও শক্তিশালী মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেগুলো নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সেই বাহিনীর মাধ্যমেই তদন্ত পরিচালিত হলে তার নিরপেক্ষতা কতটুকু নিশ্চিত হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, দ্য ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।










