নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এঘটনায় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে, তবে বড় কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কার্যালয়ের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত দুইটার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, রাতের আঁধারে জানালার ফাঁক দিয়ে প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে ভেতরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক বলেন, মাঝরাতে জানালা দিয়ে কার্যালয়ের ভেতরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে এসে আমরা দেখতে পাই, চেয়ারের ওপর প্লাস্টিকের বোতলে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। এতে দুটি চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সময় নেতা-কর্মীরা দলীয় দায়িত্বে কার্যালয়ের বাইরে ছিলেন বলে জানান ফতুল্লা থানা বিএনপির সহকোষাধ্যক্ষ তৈয়বুর রহমান। তিনি বলেন, ‘ঘটনার সময় রাতে আমরা নেতা-কর্মীদের নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পাহারা দিয়েছি। এ সুযোগে দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘ ফতুল্লার লালখা এলাকায় বিএনপির একটি কার্যালয়ের আগুন লাগার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’