নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন রঞ্জিত (৪৫) ও পাশা (৪০)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, রাত ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন কারখানাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পান তারা। পরে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। কি কারনে তারা দগ্ধ হয়েছেন সেটা তদন্তের পর জানা যাবে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ অবস্থায় দুই শ্রমিক জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।










