মৎস্যজীবীদের অধিকার, জীবিকার নিরাপত্তা ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। নিউ এজ ও অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার যৌথভাবে এ আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।
আলোচনায় আব্দুল্লাহ আল আমিন ধলেশ্বরী ও বুড়িগঙ্গার দূষণে মৎস্যসম্পদ ও জেলেদের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি জেলেদের নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, প্রকৃত জেলেদের জেলে কার্ড, ঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। জেলে পরিবারের নারীদের সহজ শর্তে ঋণ ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে।
আব্দুল্লাহ আল আমিন বলেন, শুধু আইন প্রয়োগ নয়, জেলেদের সামাজিক নিরাপত্তা, নাগরিক সুবিধা ও মানবিক মর্যাদা নিশ্চিত করেই মৎস্যসম্পদ সংরক্ষণ করতে হবে।










