এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশজুড়ে আওয়ামী নাশকতার প্রতিবাদ জানান তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা আগুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা এনসিপির সভাপতি জুবায়ের সরদার বলেন, ‘বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন তাদের পুরোনো ফ্যাসিবাদী তন্ত্রকে আবারও প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সারা দেশে জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগ চালাচ্ছে। এনসিপির নারী এমপির বাড়িতে আগুন তারই একটি দৃষ্টান্ত। সরকার বা কোনো পক্ষ এই পতিত স্বৈরাচারকে ছাড় দেয়, তবে ছাত্র-জনতা তা কোনোভাবেই মেনে নেবে না।”

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন, ‘আওয়ামী লীগ স্লোগান দেয়, ‘খুনি হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। আমি এই বক্তব্যকে সমর্থন করি। আমি মনে করি হাসিনা দেশে আসবে এবং বাংলাদেশ হাসবে। যেদিন তার ফাঁসির রায় হয়েছিলো সেদিন সারাদেশের মানুষ হেসেছিলো। খুনি হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়েই প্রকৃত অর্থে বাংলাদেশ হাসবে।’

সমাবেশে মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজিব, জেলা যুবশক্তির সাংগঠনিক সম্পাদক নূর জামাল হাসান, মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।