পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১২ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা জরিমানা ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে বুধবার এই অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এই জরিমানা ধার্য করে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সোনারগাঁয়ের মেঘনাঘাট নিউটাউন এলাকার বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (ইউনিট-০১) কে ৯ লাখ ২১ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এছাড়াও রূপগঞ্জের তারাবোর বরাবো এলাকার জিয়ুজু ইন্ডাস্ট্রি লিমিটেড (ইউনিট-০৩) কে ১ লাখ ৬০ হাজার ৭১০ টাকা এবং সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইয়েস্টার এক্সেসরিজ কোম্পানি (বিডি) লিমিটেড কে ৯২ হাজার ১২০ টাকা জরিমানা করা হয়েছে।
তালিকায় থাকা অন্য দুটি প্রতিষ্ঠান হলো বন্দরের মদনপুর কেওঢালা এলাকার রহমান স্পোর্টস ওয়্যার লিমিটেড এবং ফতুল্লার এনায়েতপুরের পঞ্চবটি গফুর সুপার মার্কেটের মুন ডায়াগনস্টিক সেন্টার। এই প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ২৮ হাজার ৮০০ টাকা ও ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ নিয়মিত অব্যাহত থাকবে।










