ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়। দুর্গন্ধ ছড়াচ্ছে দীর্ঘদিন ধরে। কিন্তু বর্জ্য অপসারনের নেই উদ্যোগ। এই ভাগাড়ের পাশ দিয়ে প্রতিদিন হাজারো পথচারী, যাত্রী ও শিক্ষার্থীদের চলাচল। দায়িত্বশীলদের উদাসীনতা ধরিয়ে দিতে ব্যতিক্রমী কর্মসূচী পালন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু।

রোববার দুপুরে ময়লার ভাগাড়ের পাশে উই আর ভলেন্টিয়ার্সের কর্মীদের নিয়ে বসে পড়েন তিনি। এরপর সেখানেই মধ্যাহ্নভোজ গ্রহন করেন। এভাবেই প্রতিবাদ জানান বর্জ্য অব্যবস্থাপনার। নগরীর অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি তুলে ধরেন নাসিক প্রশাসক, জেলা প্রশাসক ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে।

নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের ময়লার ভাগাড়সহ নগরের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তনু। তিনি বলেন, ভাগাড়ের দুর্গন্ধে পথচারীদের চলাচল ও স্বাভাবিক শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিবেশে শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে হচ্ছে, যা উদ্বেগজনক।

তনু আরও বলেন, কালিরবাজার, করিম মার্কেট ও লিংক রোডসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা জমে থাকলেও তা অপসারণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর জবাবদিহি প্রয়োজন।

তিনি জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, শুধু আশ্বাস নয়, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।