নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।
পরিদর্শনকালে তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ সময় তিনি দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানান। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় খেলাফত মজলিস মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া এবং ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকসহ দলের অন্যান্য নেতাকর্মী।










