নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় একটি বাড়ি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে মহানগর যুবদলের সদস্য রাফি উদ্দিন রিয়াদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। বাড়িটি বিক্রি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে দাবী করেছেন মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার সুলতানা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন। এই ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে নাহার সুলতানা বলেন, দেওভোগ পাক্কা রোড এলাকার আহসান হাবীবের মালিকানাধীন একটি বাড়ি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাফি উদ্দিন রিয়াদ ও তাঁর সহযোগীরা দখল করে রেখেছেন বলে দাবি করেছেন মাসুদ রানা। বাড়িটিতে বিএনপির কার্যালয় স্থাপন করে তাঁরা অবস্থান করছেন। বাড়ির মালিক সেটি বিক্রি করতে চাইলেও দখলের কারণে সম্ভাব্য ক্রেতাদের বাড়িটি দেখানো কঠিন হয়ে পড়েছে।

ঘটনার দিন নাহার সুলতানার স্বামী মাসুদ রানা একজন সম্ভাব্য ক্রেতাকে বাড়িটি দেখাতে নিয়ে গেলে রিয়াদসহ আট থেকে দশজন তাঁর ওপর চড়াও হন। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাথি দিয়ে মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি মুখে রক্তাক্ত জখম হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

নাহার সুলতানা আরও অভিযোগ করেন, স্বামীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধরের উদ্দেশ্যে ধাওয়া করা হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এসব অভিযোগের বিষয়ে রাফি উদ্দিন রিয়াদ ঘটনা অস্বীকার করে বলেন,  একটি পক্ষের ইন্ধনে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।