জাতীয় ভিত্তিক ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনা পরিষদের (২০২৭-২০২৯) মেয়াদের আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১১ জানুয়ারি সংগঠনটির পরিচালনা পর্ষদের ১৫ জন পরিচালক এবং ৩ জন পদাধিকারী (সভাপতি, সহ-সভাপতি জেনারেল ও সহ-সভাপতি অ্যাসোসিয়েট) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর বিধি-বিধান অনুসরণে গঠিত নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের সিদ্ধান্তে বৃহস্পতিবার বেলা ১২টায় হোসিয়ারী ক্লাব এ দুই বোর্ডের যৌথ সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই তফসিল প্রকাশ করা হয়।

তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ১২ নভেম্বর বিকাল ৪টার মধ্যে ভোটারদের চাঁদা পরিশোধ করতে হবে। ২২ নভেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আগামী ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ১৪ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৯ ডিসেম্বর আপিল শুনানি শেষে ২১ ডিসেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

আগামী ১১ জানুয়ারি ২০২৭, সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিঃ কমিউনিটি সেন্টারে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা শেষে কেন্দ্র থেকেই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

 

৩ সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সদস্য হিসেবে রয়েছেন মো. শাওকত আলী ও কৃষ্ণ কুমার সাহা। একই সাথে ৩ সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান পদে জি. এম. হায়দার আলী এবং সদস্য হিসেবে মো. দেলোয়ার হোসেন ও মকবুল হোসেন দায়িত্বে রয়েছেন।