নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় আদর (২২) নামে আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে  ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করা হয়। আদর (২২) ফতুল্লার নাগবাড়ী মন্দিরপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি আদর জবানবন্দি দিয়েছেন। এর আগে একই মামলায় আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুরের হাসেমবাগ এলাকায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ও এসআরবি অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।