নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টে সাত খুন মামলার আপিল শুনানি শেষে সাংবাদিকদের তিনি জানান, মামলার প্রধান আসামি তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও সংশ্লিষ্টতার বিষয় উঠে এসেছে। ওই জবানবন্দি অনুযায়ী, তার অনুমতি ছাড়া র্যাবের অভিযান পরিচালিত হতো না।
অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার নথি ও আসামিদের স্বীকারোক্তিতে সাতজনকে অপহরণ, অচেতন করে হত্যা এবং লাশ নদীতে ডুবিয়ে রাখার ভয়াবহ বিবরণ পাওয়া গেছে। এসব বক্তব্যের সঙ্গে অন্যান্য সাক্ষ্য-প্রমাণেরও মিল রয়েছে।
তিনি জানান, আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় ও আসামিদের জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরে যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে।
হাইকোর্টের রায়ে এ মামলায় ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ ওই রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।









