ওমরাহ যাত্রীদের সৌদি আরবের বিমান টিকিট দেওয়ার কথা বলে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুই দিনের রিমান্ড শেষে রবিউলকে আদালতে পাঠানো হয়েছে। গত ২৪ নভেম্বর চট্টগ্রামের ফিনলে আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।

পিবিআই জানায়, সোনারগাঁয়ের একটি ট্রাভেল এজেন্সির মালিকের সঙ্গে সৌদি আরবের বিমান টিকিট সরবরাহের চুক্তি করে রবিউলসহ ছয়জনের একটি চক্র। চুক্তি অনুযায়ী টাকা নেওয়ার পর অধিকাংশ টিকিট সরবরাহ না করায় যাত্রীদের দেশে ফেরাতে এজেন্সির মালিককে নিজ অর্থ ব্যয় করতে হয়। এতে সব মিলিয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা ক্ষতির অভিযোগ করা হয়।

এ ঘটনায় মামলা হলে পিবিআই তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিউলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নিয়ে ওমরাহ যাত্রীদের টিকিট দেওয়ার নামে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে পিবিআই জানিয়েছে।

তদন্তে রবিউলের নামে বিভিন্ন ব্যাংকের অন্তত নয়টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে অর্থ লেনদেন ও বিদেশে টাকা পাচারের সম্ভাবনা খতিয়ে দেখছে পিবিআই। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে।

প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, গ্রেপ্তার ও আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।