নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্ত করছেন একই থানার এসআই মো. রফিক।
নিহত আনোয়ার মোল্লা (৩২) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এএসআই আব্দুস ছাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁদের চিনতে পেরে হামলা চালায়। হামলায় আব্দুস ছাত্তার পালিয়ে বাঁচলেও ঘটনাস্থলেই ছুরিকাঘাতে মারা যায় আনোয়ার মোল্লা।
এ ঘটনায় সোমবার ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় ৮ বছর ৯ মাস চাকরি করেছেন।










