নারায়ণগঞ্জ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন এবং শিক্ষক-শিক্ষার্থীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি নিয়মিত অগ্নিনির্বাপণ মহড়া আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সহকারী কমিশনার মো. আল আমিন।

নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ফায়ার এক্সটিংগুইশার স্থাপন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে এবং এগুলোর ব্যবহার সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে।

এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অগ্নিনির্বাপণ মহড়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করতে বলা হয়েছে। পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তাঁদের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এ নির্দেশনা কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন, কারিগরি পরামর্শ ও মহড়া পরিচালনায় সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।