নারায়ণগঞ্জের ফতুল্লায় দৈনিক যুগান্তরের সাংবাদিক ও ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাসুমসহ ১০-১২ জনের বিরুদ্ধে।

পরপর দুই দিনের ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার (১৪ নভেম্বর) ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

আল আমিনের অভিযোগ, শুক্রবার রাতে সস্তাপুর গাবতলায় তাঁর কার্যালয়ে একটি সালিশ চলাকালে মাসুমসহ কয়েকজন সেখানে গিয়ে এক যুবককে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাঁকে হুমকি দেওয়া হয়।

এর পরদিন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা রামদা ও চাপাতি নিয়ে তাঁর বাড়ির নিচে অবস্থান করে নাম ধরে ডাকাডাকি করেন এবং বেরিয়ে এলে হত্যার হুমকি দেয়।

ঘটনাটি থানার ওসিকে জানালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সাংবাদিক আল আমিন।

এদিকে সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও ফতুল্লা প্রেসক্লাবের নেতারা। তাঁরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।