নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটের প্রতিবাদে বালতি কলস নিয়ে বিক্ষোভ করেছেন বাসিন্দারা।
রোববার (১৫ নভেম্বর) সকালে ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ পরবর্তী পথসভায় আশরাফুল ইসলাম বলেন, ‘এসিআই মিলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। মিলের লোকজন ও প্রশাসনের যোগসাজশে আমাদের সরকারি পাম্পটি অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। পাম্প ঠিক করার কথা বলে মোটরটি সরিয়ে নিয়ে গায়েব করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এসিআই মিলের স্টাফ ও লোকজন নিজেদের স্বার্থে দীর্ঘ ছয় বছর ধরে এই পাম্পটি বন্ধ করে রেখেছে। তারা ওয়াসা ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে এই অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে।
পানির কষ্টের কথা জানিয়ে এক ভুক্তভোগী নারী বলেন, ‘পানির অভাবে আমরা নিয়মিত গোসল করতে পারি না, খাবার পানিরও অনেক সমস্যা। নাসিক প্রশাসককে বলবো আপনি দয়া করে আমাদের পানির ব্যবস্থা করুন।’
বিক্ষোভ শেষে দ্রুত বিশুদ্ধ পানি সরবরাহ পাম্প চালুর দাবি জানানো হয়। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।










