নারায়ণগঞ্জের শহর ও বন্দরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত কদমরসূল সেতুর নির্মাণকাজে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সেতুর শহর প্রান্তে কালিরবাজারের চারারগোপ এলাকায় সরকারি জায়গায় থাকা একটি স্থাপনাকে কেন্দ্র করে এ জটিলতা দেখা দিয়েছে।
স্থানীয়ভাবে স্থাপনাটিকে মাজার হিসেবে পরিচিত করা হলেও এর প্রকৃত পরিচয় ও সেখানে মাজারের অস্তিত্ব নিয়ে রয়েছে মতবিরোধ। এ নিয়ে সেতুর পাইলিংসহ নির্মাণকাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর পশ্চিম প্রান্তে চারারগোপ এলাকায় রাস্তার মাঝামাঝি সরকারি জায়গায় অবস্থিত স্থাপনাটি নির্মাণকাজের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক পক্ষ এটিকে ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচনা করে সংরক্ষণের দাবি জানাচ্ছে। তবে স্থানীয় অনেকের দাবি, সেখানে কোনো সুফি, সাধক কিংবা অলিআউলিয়ার কবর বা মাজার ছিল না। গত এক দশকে কয়েক দফায় অবকাঠামো পরিবর্তনের মাধ্যমে স্থাপনাটিকে মাজারের রূপ দেওয়া হয়েছে।
সম্প্রতি সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের উপস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ওই স্থানে কোনো মাজারের অস্তিত্ব নেই।
এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, রেলের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা ও অর্থ আদায়ের সাথে জড়িত একটি মহল স্থাপনাটিকে কেন্দ্র করে সেতুর নির্মাণকাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। নিজেদের স্বার্থ রক্ষায় ধর্মীয় অনুভূতিকে সামনে আনা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করতে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩৮৫ মিটার দীর্ঘ কদমরসূল সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। ২০২৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আধুনিক কেবল-স্টেড নকশায় নির্মিতব্য সেতুটি চালু হলে শহর ও বন্দরের মধ্যে যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
সচেতন নাগরিকরা বলছেন, স্থাপনাটির প্রকৃত পরিচয় ও মালিকানা-সংক্রান্ত বিষয় যথাযথভাবে যাচাই করে জনস্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে একটি স্থাপনাকে কেন্দ্র করে বৃহৎ জনস্বার্থসংশ্লিষ্ট সেতু প্রকল্পের কাজ দীর্ঘায়িত করার সুযোগ নেই।










