বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার আমির হিসেবে শপথ নিয়েছেন মাওলানা আবদুল জব্বার ও অধ্যক্ষ মোহাম্মদ মাসুদুর রহমান গিয়াস।
দুজনের মধ্যে আবদুল জব্বার মহানগর আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জেলা আমির হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান গিয়াস।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর আলফালাহ মিলনায়তনে ঢাকা দক্ষিন অঞ্চলের নব নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের শপথ পাঠ করানো হয়। এরপরেই তাদের হাতে দায়িত্ব অর্পন করা হয়।
দলীয় সূত্র জানায়, জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মহানগরে মাওলানা আবদুল জব্বার পুনরায় এবং জেলায় অধ্যক্ষ মোহাম্মদ মাসুদুর রহমান গিয়াস আমির নির্বাচিত হন। এর আগে জেলা আমিরের দায়িত্বে ছিলেন মুমিনুল হক।










