নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে চা দোকানি মো. নাঈম খানকে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) শিমরাইল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মৃত আক্কেল আলীর ছেলে মো. হোসেন (৫০), তাঁর ছেলে মো. ইকবাল হোসেন (২৫) এবং স্ত্রী মায়া আক্তার (৪৪)।
পুলিশ জানায়, গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ির সামনের রাস্তা নিয়ে বিরোধের জেরে নাঈমের উপর হামলা চালানো হয়। নাঈমের পরিবারের দাবি, হোসেন, ইকবাল ও মায়াসহ তিন থেকে চারজন লাঠিসোঁটা নিয়ে তাকে মারধর করে। একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন নাঈম।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম খান শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। তিনি পেশায় চা দোকানি ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।










