নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ‘সারাদেশে ককটেল বিস্ফোরণ ঘটছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি কিছুই জানেন না! দুই-একটি ককটেল বিস্ফোরণ নাকি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সালাহউদ্দিন আহমেদ আপনার সরকারকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।’
বুধবার সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বাজার নিয়ন্ত্রণের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত।
এদিন বিকেল ৪টায় নগরীর মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। পরে মিছিলটি শহরের বিবি রোড প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মাওলানা আব্দুল জব্বার বলেন, সরকারের কেউ কেউ বলছেন এই সরকার নাকি শিশু সরকার। তাই কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিভাবে নিয়ন্ত্রণ করবে? তারা আওয়ামী লীগের দোসরদের এখন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ যায়গায় বসিয়ে রেখেছেন।
তিনি আরও বলেন, বিএনপি অনেকে বলেন যে আওয়ামী লীগ ছাড়া গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবেনা। অথচ কিছুদিন আগে ছাত্রদের হত্যা করেছে আওয়ামী লীগ। ছাত্রদের রক্ত শুকানোর আগেই তারা কিভাবে আওয়ামী লীগের সাথে আঁতাত করতে চায়?
নতুন করে কোন একটি চক্র নতুন বিপ্লবের জন্য উসকিয়ে দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। নাহলে আপনি ৮ মাসে যখন ৬ বার দাম বৃদ্ধি কেন করবেন? বুঝতে হবে এখানে কোনো চক্রান্ত আছে, সেই চক্রান্ত দিল্লির চক্রান্ত। আপনারা দাম বাড়াবেন, বাজার নিয়ন্ত্রণ করবেন না, শ্রমিকদের লাঠিপেটা করবেন, এটা হতে দেওয়া যাবেনা।
মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি জামাল হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।










