নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিদেশে অবস্থান করেও দেশের উন্নয়নে ভূমিকা রাখেন এমন মানুষের সংখ্যা কম। ওয়াহিদ ভাই সুদূর সাত সমুদ্র পাড়ি দিয়ে রূপগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
এ সময় দিপু বলেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ রূপগঞ্জে এসে গত ১৭ বছরে এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখেছেন। তাঁর মাধ্যমে এ অঞ্চলের বিভিন্ন খাতে উন্নয়ন হবে বলে আশা করছি।
রূপগঞ্জের জনসংখ্যার তুলনায় নাগরিক সুযোগ-সুবিধার ঘাটতির কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, এ আসনে ভোটার প্রায় চার লাখ হলেও বসবাস করেন ৩০ লাখের বেশি মানুষ। এত বিপুলসংখ্যক মানুষের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখানে নেই।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে রূপগঞ্জের সমস্যাগুলো তুলে ধরতে চান। রূপগঞ্জকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি। এ অঞ্চলের মানুষের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।










