নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি পলাতক ছিলেন। মামলায় এক আসামীকে খালাস দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। অপর দিকে নবী নামে আরেক আসামী খালাস পেয়েছেন।

মামলার বরাত দিয়ে আদালতের কৌঁসুলি জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দরের শাসনেরবাগ এলাকায় মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে ৮ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন।

মামলায় রাজু ও সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি নজরুল ইসলাম মাসুম বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক আসামিকে খালাস দিয়েছে আদালত।

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্ত্রী মাকছুদা। তিনি ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।