নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো চারটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ জানায় সেগুলো বিস্ফোরক নয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পাইনাদী ফাজিল মাদ্রাসাসংলগ্ন বিএনপি নেতা হালিম জুয়েলের কার্যালয়ের সামনে এসব বস্তু পাওয়া যায়।

এম এ হালিম জুয়েল জানায়, একটি অটোরিকশায় কয়েকজন ব্যক্তি এসে ককটেল সদৃশ বস্তু ফেলে যায়। এতে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়। কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটায় সেগুলো পাশের জলাশয়ে ফেলে দেওয়া হয়।

শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রাখা হয়েছিল। তবে সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।