সেন্টমার্টিন দ্বীপে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী।

জানা গেছে, শুক্রবার দুপুরে সেন্টমার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। চিংড়ি মাছ খাওয়ার পর  অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার শ্বাসকষ্ট দেখা দেয়।

এরপর প্রথমে তাকে সেন্টমার্টিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্পিডবোটে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

মৃতের সহকর্মীরা জানান, ইব্রাহিমের আগে থেকে অ্যালার্জি জনিত সমস্যা ছিল। চিংড়ি মাছ খাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার সঙ্গে থাকা ব্যক্তিরা আমাদের জানিয়েছেন তাঁর অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জি জনি সমস্যা ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টেকনাফে পাঠানোর পরামর্শ দেই।