নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আকরাম হুসাইন নিহত হয়েছেন। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু হানিফসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ জানান, নিহত ইমামের মরদেহ মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোসল করানোর পর তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর এলাকায় নেওয়া হয়। সেখানে শুক্রবার জুমার নামাজের পর দাফন করা হয়েছে।

মাওলানা আকরাম হুসাইন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে মাসদাইর কবরস্থানে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম, উলামা পরিষদের নেতৃবৃন্দ, বাস মালিক সমিতির সদস্য, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে আসেন।

এদিকে দুর্ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তাঁরা দুর্ঘটনার জন্য দায়ী চালককে আইনের আওতায় আনার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।