বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি ইস্পাত কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।
অভিযানে হাইটেক স্টিল মিলস ও আর বি কন-কাস্ট অ্যান্ড রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেডকে পৃথকভাবে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রীমা আক্তার। এ সময় অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিবেশের ক্ষতি করে এমন কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নারায়ণগঞ্জে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।










