নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলবাহী ট্যাংকলরির ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁকে উদ্ধারে ট্যাংকের ভেতরে প্রবেশ করে অচেতন হয়ে পড়েছেন প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ফারুক (৪২)।

রোববার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি একটি ট্যাংকলরির সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ট্যাংক পরিস্কার করার ভেতরে প্রবেশ করেন রাতুল। এ সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে ট্যাংকের ভেতরে ঢোকেন ম্যানেজার ফারুক। তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। ফারুকের শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ইউসুফ বলেন, নিহতের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় পরিবার অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।