নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের চোখ এড়াতে দামি প্রাইভেটকার ব্যবহার করে ইয়াবা বিক্রির অভিযোগে মো. রিফাত হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৬০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় যমুনা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রিফাত সস্তাপুর এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শিবু মার্কেট এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা এবং ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকা মাদক বিক্রির এবং প্রাইভেটকারটি ইয়াবা বিক্রির কাজে ব্যবহার করা হতো বলে জানায় পুলিশ।
এ ঘটনায় এসআই মো. মফিজুর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।










