নারায়ণগঞ্জের বন্দরে আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে তাফসিরুল কোরআন মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার।

দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল মাঠে বাদ আসর থেকে এ মাহফিল শুরু হবে। তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী চিন্তাবিদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রবীণ রাজনীতিবিদ ও আলেমে দ্বীন মাওলানা মাঈনুদ্দিন আহমদ।

তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং মুফতি আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলসের পরিচালক আলহাজ ইসহাক খান। এ ছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম মাহফিলে বক্তব্য রাখবেন।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।