নারায়ণগঞ্জে জাতীয় নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির একাধিক প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়। তবে এবার তারা দলের ফেরার সবুজ সংকেত পেতে শুরু করেছেন। বিশেষত দলের ভেতর ঐক্য সুদৃঢ় করতে এবং আওয়ামী লীগের অনুপ্রবেশ বন্ধে এই উদ্যোগ নিচ্ছে বিএনপি।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক এমপি গিয়াস উদ্দিন এবং সাবেক জেলা বিএনপির সহ সভাপতি শাহ আলম দলে ফিরতে যাচ্ছেন। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে তাদের দলে ফেরার বার্তা আসেনি।

গত জাতীয় সংসদ নির্বাচনে উভয়েই নারায়ণগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন। এরপরেই তাদের দল থেকে বহিস্কার করা হয়। জাতীয় নির্বাচনের পর প্রায় ৮ মাস অতিবাহিত হলেও এখনও তারা দলের বাইরে।

বিএনপির দলীয় সূত্র বলছে, শীঘ্রই দলে ফিরতে যাচ্ছেন তারা। এদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনে নির্বাচন করা মোহাম্মদ শাহ আলম, নারায়ণগঞ্জ ৪ ও নারায়ণগঞ্জ ৩ আসনে নির্বাচন করা সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ ৩ আসনে নির্বাচন করা সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, নারায়ণগঞ্জ ২ আসনে নির্বাচন করা সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর।

এছাড়া নারায়ণগঞ্জ ১ আসনে নির্বাচন করা মোহাম্মদ দুলাল হোসেনের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে চলতি বছরের এপ্রিলে। বাকিরা রয়েছেন ফেরার অপেক্ষায়।

বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানিয়েছেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা প্রয়োজন এবং যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।