নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আসামিদের আপিল শুনানি দ্বিতীয় দিনের মতো শেষে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আদালতে শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বুধবার রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক শুনানি শুরু করেন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি হত্যা মামলা দায়ের হয়।
২০১৭ সালের ১৬ জানুয়ারি বিচারিক আদালত ২৬ আসামিকে মৃত্যুদণ্ড এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করেন। বাকি ৯ আসামির বিভিন্ন মেয়াদের কারাদণ্ডও বহাল থাকে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। সেই আপিলের শুনানি চলছে আপিল বিভাগে। আগামী ৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।









