ঘটনাটি চলতি বছরের ২১ সেপ্টেম্বরের। আরমানের (১৮) বাবা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হবার পর পুলিশ তাকে একদিনের রিমান্ডে নিয়ে এসেছে। বাবাকে এক নজর দেখতে দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করে ঢাকা থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হাজির হয় আরমান। সেখানে বাবাকে দেখতে চাওয়ার আবদার করতেই থানার এসআই দাবী করেন ঘুষ। সেই টাকা দিতে না পারায় প্রথমে চড় ও পরে লোক ডেকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার অভিযোগ তুলেছেন আরমান।
আরমানের বাড়ি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামে। জমি ও গাছ নিয়ে আগস্ট মাসে প্রতিবেশী শাহজাহান শিকারী পরিবারের সাথে বিরোধ হয় দেলোয়ার নামে এক ব্যক্তির। দেলোয়ারের পক্ষ নিয়ে এগিয়ে যান আরমানের বাবা আনোয়ার হোসেন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারামারির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
মারামারির বেশ কয়েকদিন পর রাজধানীর নিউরো সাইন্স মেডিকেলে মৃত্যুবরণ করেন শাহজাহান শিকারীর বাবা হাসান শিকারী। সেই ঘটনার পর মারামারির মামলা রূপ নেয় হত্যা মামলায়। মামলার তদন্তের দায়িত্ব পান এসআই রুহুল আমিন।
এই হত্যা মামলার ৩ নম্বর আসামী করা হয় আনোয়ার হোসেনকে। গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে থানায় জিজ্ঞাসাবাদের পর ২১ সেপ্টেম্বর ফের কারাগারে পাঠানোর কথা। তার আগ মুহুর্তে বাবাকে এক নজর দেখতে আসে ছেলে আরমান হোসেন।
আরমানের দাবী, আমি থানায় ঢুকে বাবাকে দেখার কথা বলতেই এসআই রুহুল আমিন বলেন, টাকা আনছোস? আমি বলি – কিসের টাকা? আমাকে বললো, ক্যান তোর বাপে কয় নাই? আমি বললাম টাকার বিষয়ে কিছু জানিনা। এরপর রুহুল আমিন আমাকে চড় মারে। বলে তুই থানার গেটের বাইরে দাঁড়া, আমি ৫ মিনিটের মধ্যে আইতাছি।
থানার গেটের বাইরে দাঁড়ানোর পাঁচ মিনিটের মধ্যে ৫/৭ জন লোক এসে আমাকে গ্যাসের পাইপ দিয়ে মারধর করতে শুরু করলো। পিটিয়ে আমার পা ভেঙ্গে ফেললো। আমার আশেপাশে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলো। কেউ কিছু বললো না। সবাই দেখে চলে গেলো। আমার বাবা তখন পুলিশের গাড়িতে উঠে আদালতে যাচ্ছিলো। সে আমার এই অবস্থা দেখে ছটফট করলেও কিছু করতে পারছিলো না।’
আরমান বলেন, যারা আমাকে মারধর করলো আমি তাদের চিনি না। আমাকে প্রথমে বেসরকারি হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে গিয়ে এক্স রে রিপোর্টে জানতে পারি আমার পা ভেঙ্গে গেছে। খবর পেয়ে হাসপাতালে আসে এসআই রুহুল আমিন। আমি স্পষ্ট শুনতে পেয়েছি রুহুল আরেক পুলিশকে বলছে ‘আমি তো কইসিলাম অল্প মারতে, এমনে পা ভাইঙ্গা দিবো এইটা তো বুঝিনাই। এখন কি করমু বুঝতাছি না।’ এরপর আমার এক দূর সম্পর্কের আত্মীয় উপজেলা পরিষদে কাজ করেন। উনাকে হাসপাতালে আসতে দেখেই সটকে পড়ে এসআই রুহুল।

নিজের ছেলের এমন পরিনতি দেখে ক্ষুব্ধ বাবা আনোয়ার হোসেন। হত্যা মামলায় গ্রেপ্তারের এক মাসের মাথায় জামিন পেয়েছেন তিনি। আনোয়ার বলেন, ‘এই এসআই রুহুল আমিন আমাদের কাছ থেকে দফায় দফায় ২৫ হাজার টাকা নিছে। রিমান্ডের দিন ১৫ হাজার টাকা চাইছে। আমি ঐটা দেইনাই। এজন্য আমার উপরে থাকা জিদ পোলার উপর মিটাইছে। আমি যখন গাড়িতে উঠি তখন দেখলাম আমার পোলারে মারতাছে। আমার হাতে হ্যান্ডকাফ। কিছু করতে পারলাম না। চোখের সামনে নিজের পোলারে মারার কষ্ট কেমন বুঝেন আপনারা।’
আনোয়ার আরও বলেন, ‘আমার মেয়েটা ক্যান্সার আক্রান্ত। আমার বয়স হইছে। এই ছেলেটা ওর বোনরে কেমো দেওয়া থেকে শুরু করে হাসপাতালের সব কাজ করছে। এখন ছেলেটা হাটতে পারে না, বসতে পারে না। সামান্য কয়টা টাকার জন্য এমন পরিনতি করলো আমার ছেলের।’
এই ঘটনায় কোন আইনের আশ্রয় নিয়েছেন কিনা জানতে চাইলে আরমান জানান, ‘এই ঘটনায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু) ভর্তি করানোর প্রথম দিনে সবাই পায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মামলার জন্য কাগজ নেয়ার কথা কারও মাথায় ছিলো না। পরদিন কাগজ চাইলে সেটি দেয়নি হাসপাতাল কতৃপক্ষ। ঘটনার ৮ দিনের মাথায় মামলার তদন্তকারী কর্মকর্তা বদলি হয়ে গোপালগঞ্জ চলে গেছে বলে জানতে পেরেছি। এখন কার কাছে বিচার দিব, কি করবো বুঝতে পারছি না। এখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিব সেই সাহসও করতে পারছি না।’
ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, ‘এই মামলার এসআই ছিলো রুহুল আমিন। ছেলেটা তার বাবাকে দেখতে থানায় এসেছিলো। দেখার পর সে যখন বাইরে যায় তখন বাইরের লোকজন তাকে মারধর করেছে। পুরো থানায় সিসি ক্যামেরা আছে। সেই ফুটেজ আমাদের কাছে আছে। আপনারা চাইলে সেই ফুটেজ দেখে যাচাই করতে পারবেন। তারপরেও আমি বলেছি আপনারা লিখিত অভিযোগ দেন, আমরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।’
একই বিষয়ে জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘সে (আরমান) যেহেতু আসামী পক্ষের ছেলে। বাদী পক্ষের লোকজন তার উপর হামলা চালাতে পারে। আর এসআই এর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আমি খবর নিয়ে দেখবো। যদি আসলেই এমন কিছু হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী পরিবার যদি আমার বরাবর অভিযোগ দেয় আমি সেই বিষয়টি অফিসিয়ালি তদন্ত করে দেখবো।’










