নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে পৃথক ঘটনায় দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে রূপগঞ্জে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে। অন্যদিকে, সিদ্ধিরগঞ্জে মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। চলন্ত বাস থেকে দ্রুত যাত্রীরা দ্রুত নেমে প্রাণে রক্ষা পান।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রূপগঞ্জের বলাইখা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে ১২ জন এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয়। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে ভয়ভীতি দেখানো হয়। পরে বাসটিতে আগুন ধরিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মেঘলা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। বাসটি গাউছিয়া থেকে প্রায় ১৬ জন যাত্রী নিয়ে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল।
যাত্রীরা জানান, বাস চলার কিছুক্ষণ পর দুই যুবক পেছনের দিকে চলে যান। এর দুই-তিন মিনিট পর বাসের পেছনে আগুনের সূত্রপাত হলে যাত্রীরা দ্রুত নেমে যান। ওই দুই যুবকও পালিয়ে যায়। প্রায় ১৬ জন যাত্রী প্রানে রক্ষা পায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথম আগুন দেখতে পান যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই দ্রুত বাস থেকে নেমে যান। পরে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।










