নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মাটি বিক্রি ও শ্রমিক সরবরাহের কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহিপাড়া ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুলি ও টেঁটা ব্যবহারের অভিযোগ তুলেছে উভয়পক্ষ।

এই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িত থানার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়রা জানায়, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটায় চাঁদাবাজি, নদীর মাটি কাঁটা, শ্রমিক সরবরাহ, কমিশন বানিজ্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এসব ঘটনায় সংঘর্ষে জড়িয়ে ইতিপূর্বে দল থেকে বহিস্কার হয়েছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ। সেই বিরোধের জের ধরেই শুক্রবার ফের সংঘর্ষে জড়ায় বহিষ্কৃত বিএনপি নেতা হালিম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী সামেদ আলীর বাহিনী। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ঘটনার বিষয়ে সামেদ আলীর অনুসারী আব্দুল কাদির সিপাই বলেন, সকালে অতর্কিত ভাবে হালিম আজাদ লোকজন নিয়ে এসে এলাকায় হামলা চালায়। টেঁটা আর শর্টগান দিয়ে গুলি চালিয়েছে গ্রামবাসীর উপর। আমাদের এক ভাতিজা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এলাকার বাড়িঘরে লুটপাট চালিয়েছে হালিম আজাদের বাহিনী। মূলত ইটভাটায় চাঁদাবাজি করতে না পারায় আমাদের উপর হামলা চালিয়েছে সে।

অন্যদিকে বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বলেন, গত বৃহস্পতিবার সকালে দুই গ্রামের বাসিন্দা জাকির ও মোতালেবের সাথে কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরেই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমি এখানে ছিলাম না। আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। আমরা ৫ জনকে আটক করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

চলতি বছরের ১০ অক্টোবর একই বিষয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৪০টি টেঁটা উদ্ধার করে পুলিশ।

একই বছরের ২৭ সেপ্টেম্বর মাটি কাঁটা ও ইটভাটায় চাঁদাবাজি বন্ধে আন্দোলন করার কারনে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠে হালিম আজাদের বিরুদ্ধে।