বক্তাবলী গণহত্যার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) গণহত্যার ৫৫ বছর পূর্তি উপলক্ষে এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের নিয়ে লক্ষ্মীনগর বধ্যভূমিতে শ্রদ্ধা জানান তিনি। পরে কানাইনগর শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মো. শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, মুক্তিযুদ্ধের সময় বক্তাবলী ছিল মুক্তাঞ্চল। স্থানীয়রা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ায় পাকবাহিনীর নৃশংসতায় ১৩৯ জন প্রাণ হারান। তাঁদের আত্মত্যাগ ও শহীদ পরিবারের প্রতি সম্মান জানানো সবার দায়িত্ব।

পরে আলফাজ উদ্দিন উদ্যানে মধ্যনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার আয়োজনে ১৩৯ শহীদের স্মরণসভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সেখানে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, স্বাধীনতা ও বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম, সততা ও যোগ্যতার সঙ্গে সবাইকে কাজ করতে হবে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. সাঈদুর রহমান বাচ্চু। সাধারণ সম্পাদক সোহেল মিজির তত্ত্বাবধানে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।