পোশাক শ্রমিকদের জন্য সরকারের বিশেষ ওএমএস কর্মসূচিতে চাল বিক্রির পরিধি বাড়ানো হয়েছে নারায়ণগঞ্জে। আগে ১০টি ট্রাকে চাল বিক্রি করা হলেও শুক্রবার থেকে ট্রাকের সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়েছে। এতে প্রতি সপ্তাহে সাড়ে ৭ হাজার শ্রমিক ৩০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাচ্ছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জে শ্রমিকদের মধ্যে ওএমএসের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নাসিমা আক্তার।
নতুন কার্যক্রমের আওতায় প্রতি শুক্রবার একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। তবে একজন শ্রমিক মাসে একবারই এই সুবিধা পাবেন। ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জসহ জেলার ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৭৫ টন চাল সরবরাহ করা হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে শ্রমিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে দেখা গেছে। স্বল্পমূল্যে চাল পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা। তবে চালের পাশাপাশি ডাল, তেল, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও কম দামে সরবরাহের দাবি জানিয়েছেন তারা।
শ্রমিকদের মতে, বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ওএমএসের মাধ্যমে কম দামে চাল পাওয়ায় ব্যয় কিছুটা কমবে। পাশাপাশি অন্যান্য খাদ্যপণ্য সরবরাহ করা হলে তাদের আরও উপকার হবে।










