নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ রহমান রাফি (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাফির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার রাফি আলোচিত পরিবহন শ্রমিক নেতা হাজী মো. বজলুর রশীদ রিপনের ছেলে। হাজী রিপনের বিরুদ্ধেও পরিবহন খাতে চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রাফির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে রাফিকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে হাজী রিপন ও তাঁর ছেলে রাফিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তাঁরা। জামিনের পর ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠে তাঁদের বিরুদ্ধে। রাফির বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।










