নারায়ণগঞ্জ বিএনপিতে এককালে যারা ত্যাগী হিসেবে পরিচিত ছিলেন। তারাই ক্ষমতার পালাবদলের পর জড়িয়েছেন নানান বিতর্কে। চাঁদাবাজি, দখলদারিত্ব, ভুমিদস্যুতা, হুমকি ও হামলার মত ঘটনায় জড়িয়ে দলকে করছেন বিতর্কিত। ভোটারদের কাছে ক্ষমতাসীন দলের সুনাম নষ্ট করেছেন তারা।
কিন্তু শাস্তি হিসেবে তাদের জন্য বরাদ্ধ থাকে দলীয় পদ স্থগিত কিংবা দল থেকে বহিস্কার। কিন্তু সেটিও খুব বেশীদিন স্থায়ী হয় না। দুই থেকে ছয় মাসের মধ্যেই তাদের দলে ফিরিয়ে আনা হয়। অথচ যেসব অভিযোগে দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়, তার অধিকাংশই ফৌজদারি অপরাধ। কিন্তু সেসব অপরাধে আইনের মুখোমুখি হতে হয়না তাদের।
সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারন সম্পাদক ইকবাল হোসেনের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। দলের আহবায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই পদ স্থগিত করা হয়েছে। ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়েছে।’
ইকবাল হোসেনের বিরুদ্ধে জমি দখল চেষ্টা, মারধর ও হত্যার হুমকির একাধিক অভিযোগ উঠেছে জাতীয় নির্বাচনের পর থেকে। এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এক বাস চালক ও বাসের যাত্রী গবেষক মিনহাজ আমানকে লাঞ্ছিত করার ঘটনায় দল থেকে বহিস্কার করা হয় ইকবালকে। সেই ঘটনার পর জাতীয় নির্বাচনের আগে দলে ফেরানো হয় তাকে। দলে ফেরার পর ফের নানান অভিযোগ উঠে তার বিরুদ্ধে। নতুন করে পদ স্থগিত করেই বড় শাস্তি দিয়েছে তার দল।
গত ১৪ অক্টোবর বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের দলীয় পদ স্থগিত করে ফতুল্লা থানা বিএনপি। তার বিরুদ্ধে মাটিকাটা চক্রকে নিয়ন্ত্রন, ইটভাটায় চাঁদাবাজি, এনসিপির নেতাকর্মীদের উপর হামলা, আওয়ামী লীগ পুনর্বাসন সহ নানান অভিযোগ রয়েছে। বক্তাবলীতে একাধিক সংঘাতের ঘটনায় অভিযুক্ত এই হালিম আজাদ।
তবে তাকে কেবল পদ স্থগিত করেই সর্বোচ্চ শাস্তি দিয়েছে বিএনপি। অথচ গুলিবর্ষণ, হামলা সহ নানান ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোনারগাঁয় বহিস্কারাদেশ কাটিয়ে দলে ফিরেই মেঘনা গ্রুপের কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে। চলতি বছরের ২২ আগস্ট তাকে চাঁদাবাজি সহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়। মাত্র ২ মাসের ব্যবধানে ৩১ অক্টোবর তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে দল। এবং তিনি দলে ফিরেই মুঠোফোনে বেশ কয়েকজনকে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
একই ভাবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারকে দল থেকে বহিস্কার করা হয়েছিলো চলতি বছরের ৮ জুন। চাঁদা না পাওয়ায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের আঙ্গুল শাবল দিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এছাড়া আনোয়ার একটি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী। সেই বহিস্কারাদেশের চার মাসের মাথায় তাকে নিজ দায়িত্বে বহাল করেছে যুবদল।
৯ এপ্রিল ফতুল্লার চাঁদনি হাউজিং এলাকায় ঝুঁট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষনের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় ১০ এপ্রিল বহিস্কার করা হয় ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদকে তবে তাকেও ছয় মাসের মাথায় দলে পুনর্বহাল করেছে যুবদল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘একদিকে বিএনপির পরিচয়ে কতিপয় নেতারা করছেন ফৌজদারি অপরাধ। এসব অপরাধের পরে তাদের আইনের আওতায় না এনে দল থেকে বহিস্কার কিংবা পদ স্থগিত করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে মামলা হলেও গ্রেপ্তার হতে হয় না তাদের। অধরা থেকে যাচ্ছেন মাসের পর মাস। আবার সেই অপরাধ করেও দুই থেকে ছয় মাসের মাথায় ফিরে আসছেন দলে।
এতে করে অপরাধ মানসিকতা নিয়ে রাজনীতি করা নেতাকর্মীরাও পাচ্ছেন পরিস্কার মেসেজ। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রনে বিএনপির দলীয় শাস্তি যে কোন কাজে আসছে না তা একেবারেই পরিস্কার।’










