নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়ে আবারও গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এবার দুই ইউনিয়নের সব মৌজা ও দাগের আওতাধীন এলাকা সিটি করপোরেশনে যুক্ত করার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ ও আপত্তি আহ্বান করা হয়েছে। এ জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. রায়হান কবির স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ৫ নম্বর বিধি অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের আংশিক অন্তর্ভুক্তির কথা উল্লেখ করা হয়। এবার নতুন গণবিজ্ঞপ্তিতে পুরো অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কোনো পরামর্শ বা আপত্তি থাকলে আগামী ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জমা দিতে হবে। আপত্তির বিষয়ে শুনানিও গ্রহণ করা হবে।