নারায়ণগঞ্জ সিটি করপোরেশনভুক্ত এলাকার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য পৃথক ওয়াসা প্রতিষ্ঠা করেছে সরকার। ‘নারায়ণগঞ্জ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (নারায়ণগঞ্জ ওয়াসা)’ নামে নতুন এই সংস্থা প্রতিষ্ঠার প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৬ নভেম্বর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য নারায়ণগঞ্জ ওয়াসা প্রতিষ্ঠা করেছে।

এর আগে নারায়ণগঞ্জ শহরের পানি সরবরাহের দায়িত্ব ছিল নারায়ণগঞ্জ পৌরসভার হাতে। ১৯৯০ সালের ১ জুলাই থেকে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জে পানি সরবরাহ কার্যক্রম পরিচালনা শুরু করে।

২০১৯ সালের ৩১ অক্টোবর ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ অঞ্চলের পানি সরবরাহ কার্যক্রম সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও ঢাকা ওয়াসার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এরপর থেকে সিটি করপোরেশন পানি সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছে।

ঢাকা ওয়াসা থেকে সিটি করপোরেশনের কাছে পানি সরবরাহের দায়িত্ব হস্তান্তরের প্রায় সাত বছর পর এবার নারায়ণগঞ্জের জন্য পৃথক ওয়াসা প্রতিষ্ঠা করল সরকার।